হুমায়ুন কবীরের নতুন দলে যোগ টলিউড অভিনেতা শোয়েব কবীর
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের গড়া রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে যোগ দিলেন টলিউডের অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের যুবনেতা শোয়েব কবীর। দলবদলের পরই তাঁকে দলের রাজ্য মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শোয়েব কবীর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও তরুণ নেতৃত্বের প্রতি অবহেলার কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
নতুন দলে যোগ দেওয়ার পর শোয়েব কবীর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের জন্য নতুন জায়গা তৈরি করা প্রয়োজন। তাঁর মতে, দলের ভিতরে আদর্শগত বিচ্যুতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব রাজনীতির স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সেই কারণেই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কংগ্রেস ছেড়ে নিজের রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন, সেই সাহসী সিদ্ধান্তই তাঁকে অনুপ্রাণিত করেছে।
অভিনয়ের জগতে শোয়েব কবীর একটি পরিচিত মুখ। তিনি অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে কাজ করেছেন। এছাড়া ‘মির্জা’ ছবিতে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে ওটিটি সিরিজ ‘২০০৮ মুম্বই অ্যাটাকস’-এ আজমল কাসভের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে।
হুমায়ুন কবীরের দল ঘোষণার পর থেকেই সংগঠন বিস্তারের কাজ চলছে। দলঘনিষ্ঠ সূত্রের দাবি, শোয়েব কবীরের মতো পরিচিত মুখের যোগদান নতুন দলের জন্য বড় শক্তি হয়ে উঠবে এবং আগামী দিনে আরও বিশিষ্ট ব্যক্তি এই দলে যোগ দিতে পারেন।
ছবি: সংগৃহীত