দিল্লিতে বিষাক্ত বাতাস: ইন্ডিয়া গেটে দূষণের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী
রাজধানী দিল্লির বাতাসে শ্বাস নেওয়াই যেন দায়। গত কয়েক দিনে বায়ুদূষণের মাত্রা ভয়াবহ আকার নিয়েছে। শনিবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪০০ ছাড়িয়ে ‘রেড জোন’-এ প্রবেশ করে রাজধানী। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতির দাবিতে রবিবার ইন্ডিয়া গেটে রাস্তায় নামে বহু নাগরিক। তাঁদের সঙ্গে যোগ দেন পরিবেশ আন্দোলনকর্মী, সমাজকর্মী এবং রাজনৈতিক দলের সদস্যরাও।
বিক্ষোভকারীদের অভিযোগ, দিল্লি সরকার শুধুমাত্র অস্থায়ী পদক্ষেপ নিচ্ছে—যেমন কৃত্রিম বৃষ্টি বা জল ছেটানো—যা বাস্তব সমস্যার সমাধান করছে না। তাঁরা দাবি তোলেন, “স্থায়ী ও কার্যকর দূষণ নিয়ন্ত্রণ নীতি এখন সময়ের দাবি।”
প্রায় আধ ঘণ্টা ধরে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ চলে। পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জন্তরমন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভের অনুমতি নেই। ফলে বিক্ষোভকারীদের ইন্ডিয়া গেট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং কয়েকজনকে আটক করা হয়।
এক বিক্ষোভকারী অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনেও বাধা দেওয়া হচ্ছে। সরকার সমস্যার মূলে না গিয়ে কেবল সংখ্যার খেলায় ব্যস্ত।” অন্য এক আন্দোলনকারী বলেন, “দূষণের তথ্য বিকৃত করা হচ্ছে। আমরা প্রকৃত সমাধান চাই, সাময়িক প্রচার নয়।”
এদিকে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)-এর তথ্য অনুযায়ী, শনিবার ওয়াজিরপুরে AQI ছিল ৪২০, আলিপুরে ৪০৪, বিবেক বিহারে ৪১১ এবং আইটিও এলাকায় ৪০২। এই সব এলাকাকে ‘অতি বিপজ্জনক’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দিল্লির এই পরিস্থিতি শীতের শুরুতেই এক ভয়াবহ সংকেত দিচ্ছে। বায়ুর মান নিয়ন্ত্রণে যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তা নাগরিক জীবনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
ছবি: সংগৃহীত