ট্রাম্প ঘোষণা করলেন: ন্যাটোর বাইরের ‘প্রধান মিত্র’ হিসেবে সৌদি আরব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র (Major Non-NATO Ally – MNNA) হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপ দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে এক নৈশভোজে ট্রাম্প বলেন,
“আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। সামরিক সহযোগিতা আরও জোরদার হবে—এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”
বিশ্বে মাত্র ১৯টি দেশ এই বিশেষ মর্যাদা পেয়েছে।
নৈশভোজে যুবরাজকে স্বাগত জানিয়ে ট্রাম্প আরও বলেন,
“আমরা এক অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন নেতার সঙ্গে বসেছি। আট দশক আগে রাজা আবদুল আজিজ ও প্রেসিডেন্ট রুজভেল্টের বৈঠকের পর এবার নতুন সহযোগিতার যুগ শুরু হলো।”
তিনি জানান, সৌদি আরবের ব্যাপক উন্নয়ন ও সংস্কার পথ দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের সুযোগ তৈরি করেছে। শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও খনিজ সম্পদ খাতে যুক্তরাষ্ট্র–সৌদি আরবের নতুন চুক্তি সই হবে বলেও ঘোষণা করেন ট্রাম্প।
গাজা সংকট সমাধানে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
“শান্তি চুক্তিতে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর জন্য আমরা যুবরাজকে ধন্যবাদ জানাই।”
ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–সৌদি কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।