Tranding

ট্রাম্পের মন্তব্য: “উত্তর কোরিয়া এক ধরনের পারমাণবিক শক্তি”, কিমের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ

নিউইয়র্ক,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এশিয়ার পথে যাত্রাকালে বলেন, উত্তর কোরিয়া এখন “এক ধরনের পারমাণবিক শক্তি।” প্রেসিডেন্টের বিশেষ বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি তারা এক ধরনের পারমাণবিক শক্তি... তাদের অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে।”

ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়া সফর করবেন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলনে অংশ নিতে। তিনি জানান, তার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যুও আলোচনায় থাকবে।

এছাড়াও, ট্রাম্প হংকংয়ের কারাবন্দি গণমাধ্যম ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

ওয়াশিংটন থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাত করতে আগ্রহী। “আমি সেটা চাই। তিনি জানেন আমরা সেখানে যাচ্ছি,” মন্তব্য করেন ট্রাম্প, যিনি ২০১৯ সালে শেষবার কিমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা করেছে। দক্ষিণ কোরিয়ার ঐক্যমন্ত্রী চুং ডং-ইয়ংও আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহে ট্রাম্প ও কিমের দেখা হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের সফরসূচিতে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

২০১৯ সালে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকৃত অঞ্চলে শেষবারের মতো সাক্ষাৎ করেছিলেন। তিন দফা বৈঠকের পর আলোচনাগুলি ভেস্তে যায় পারমাণবিক অস্ত্র পরিত্যাগ ও তার বিনিময়ে সুবিধা পাওয়া নিয়ে মতবিরোধের কারণে। এরপর থেকেই উত্তর কোরিয়া নিজেদের “অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র” হিসেবে ঘোষণা করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.