Tranding
আর্ন্তজাতিক / December 16, 2025

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে বিপুল অঙ্কের মানহানি মামলা দায়ের করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার তিনি প্রায় ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে এই মামলা করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ৬১ হাজার কোটি টাকা।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সংঘটিত হামলা নিয়ে বিবিসির একটি ডকুমেন্টারি প্রতিবেদনকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ। বিবিসির ‘প্যানোরামা’ সিরিজে প্রচারিত ওই সম্পাদিত ভিডিওতে ট্রাম্পকে হামলার জন্য উসকানি দিতে দেখা গেছে—এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প ভোট কারচুপির অভিযোগ তোলেন। এরই পরিপ্রেক্ষিতে তার সমর্থকরা ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় একাধিক প্রাণহানির পাশাপাশি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদিও ঘটনার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, তিনি শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের দাবি, বিবিসির ওই ভিডিও প্রতিবেদনে তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার আইনজীবীদের বক্তব্য, ভিডিও সম্পাদনার ধরন দর্শকদের বিভ্রান্ত করেছে।

পরবর্তীতে বিবিসি প্রকাশ্যে স্বীকার করে নেয়, ভিডিওটি এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে ট্রাম্প সরাসরি সহিংসতার নির্দেশ দিয়েছেন বলে মনে হতে পারে। এ জন্য সংবাদমাধ্যমটি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করে।

যদিও ওই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারিত হয়নি, তবুও ট্রাম্প চলতি বছরই আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এই ঘটনার জেরে বিবিসির কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.