মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতেই ফোন করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ফোনালাপের বিষয়টি নিজেই সমাজমাধ্যমে প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমঝোতা ও বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।
” পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন জানিয়ে মোদি আরও লিখেছেন, “আমরা আশা করি, আপনার প্রচেষ্টা এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
” জানা গেছে, গত ১৭ জুনের পর এই প্রথম মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হলো। যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের এই ফোনালাপকে বিশ্লেষকরা ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।