ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক পাবেন দুই হাজার ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিককে দুই হাজার ডলার করে সহায়তা দেওয়া হবে। এই অর্থ আসবে শুল্ক থেকে অর্জিত রাজস্ব থেকে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “প্রত্যেক নাগরিককে অন্তত দুই হাজার ডলারের লভ্যাংশ দেওয়া হবে, তবে উচ্চ আয়ের মানুষদের এতে অন্তর্ভুক্ত করা হবে না।”
এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দেশটিতে আংশিক সরকারি অচলাবস্থা চলছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবিসি নিউজ-কে জানান, দুই হাজার ডলার লভ্যাংশ বিভিন্ন উপায়ে বিতরণ করা হতে পারে।
নিজের বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, “যারা শুল্ক নীতির বিরোধিতা করে, তারা নির্বোধ। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশ, যেখানে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই।”
তিনি আরও দাবি করেন, শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার রাজস্ব আসছে এবং সেই অর্থ দিয়েই শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু হবে।
ছবি: সংগৃহীত