Tranding
মধ্যপ্রাচ্য / November 17, 2025

তুরস্ক গাজার দায়িত্ব নিতে প্রস্তুত, সেনা মোতায়েনের সম্ভাবনার ইঙ্গিত হাকান ফিদানের

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার দায়িত্ব নিজেদের হাতে নিতে প্রস্তুত বলে জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রয়োজন হলে গাজায় তুর্কি সেনা মোতায়েনও করা হবে। খবর—টিআরটি ওয়ার্ল্ড।

তুর্কি সংবাদমাধ্যম ‘এ হ্যাবার’-কে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন,

“তুরস্ক গাজার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। সেনা পাঠানোসহ প্রয়োজনীয় সব দায়িত্ব কর্তব্যবোধের সঙ্গে পালন করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটিই আমাদের সুস্পষ্ট বার্তা।”

তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে একটি খসড়া প্রস্তাব নিয়ে এখনো আলোচনা চলছে। প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দুটি কাঠামোর একটি—এমনটিও উল্লেখ করেন ফিদান।

গাজায় ‘শান্তি বোর্ড’ গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক একসঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

ফিদান আরও বলেন, আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রাথমিক উদ্যোগ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র (CMCC)। যুদ্ধবিরতি চুক্তির পর গাজার উন্নয়ন তদারকির লক্ষ্যে ১৭ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এটি ইসরাইলে মার্কিন সেন্টকম প্রতিষ্ঠিত প্রথম আন্তর্জাতিক অপারেশনাল প্ল্যাটফর্ম।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.