গাজা শান্তি প্রচেষ্টায় সর্বাত্মক ভূমিকা রাখতে প্রস্তুত তুরস্ক: পররাষ্ট্রমন্ত্রী ফিদান
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থায়ী করা এবং শান্তি প্রক্রিয়া কার্যকর করতে তুরস্ক প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দোহায় অনুষ্ঠিত ২৩তম দোহা ফোরামের এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের উত্তরে ফিদান জানান, গাজায় সম্ভাব্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয়ে বিভিন্ন দেশ আলোচনা চালাচ্ছে। বাহিনীর কাঠামো, দায়িত্ব ও কার্যকরী নীতি কী হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত পর্যালোচনা চলছে।
ফিদান বলেন, যে কোনো আন্তর্জাতিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত সীমান্ত এলাকায় ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষকে আলাদা রাখা। তাঁর মতে, এ ধরনের নিরাপত্তা কাঠামো কার্যকর করতে স্থানীয় প্রশাসন, পুলিশিং ব্যবস্থা ও শান্তি কমিটি গঠনের মতো প্রস্তুতির প্রয়োজন।
তিনি আরও জানান, কোন কোন দেশ এই বাহিনীতে অংশ নেবে—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পুরো প্রক্রিয়া ধাপে ধাপে পরিষ্কার হবে।
সিরিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতায় তুরস্কের ভূমিকা
সিরিয়া সংকট প্রসঙ্গে ফিদান বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্ক মানবিক কারণে উন্মুক্ত সীমান্তনীতি গ্রহণ করেছিল। তিনি মনে করেন, সিরিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানায় আঙ্কারা
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা তুরস্কের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন ফিদান। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাত শেষ করতে আলোচনায় ফিরে যাওয়াই একমাত্র কার্যকর পথ।
ইউরোপের জন্য ‘সৃজনশীল সমাধান’ প্রয়োজন
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইউরোপের নিজেদের নিরাপত্তা জোরদার করতে আরও উদ্ভাবনী রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতির প্রয়োজন। তাঁর মতে, দুই পক্ষই একে অপরকে অবিশ্বাস করে, যার ফলে আলোচনাকে নতুন কাঠামোয় এগিয়ে নিতে হবে।
ছবি: সংগৃহীত