চীনের শানতোতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১২ জনের
চীনের দক্ষিণাঞ্চলের শানতো শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারি সংবাদ সংস্থার বরাতে এমনটাই জানা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে চারতলা ভবনটিতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ফলে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে যায়, যার জেরে হতাহতের সংখ্যা বাড়ে বলে অনুমান।
ঘটনার পর দমকল ও পুলিশ কর্মকর্তারা ভবনটি ঘিরে তল্লাশি চালাচ্ছেন। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিটসহ একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
ঘটনার ফলে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। তদন্ত রিপোর্ট প্রকাশের পর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।