যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় দুই অভিযুক্ত গ্রেপ্তার
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনার তদন্তে অগ্রগতি পেল পুলিশ। ঘটনার দিন স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা, কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, অশান্তি সৃষ্টি এবং উসকানির মতো অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পাশাপাশি, লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আরও ছ’জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার যুবভারতীর গ্যালারিতে উপস্থিত বহু দর্শক অভিযোগ করেন, নেতা–মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের ভিড়ের কারণে তাঁরা মাঠের কিছুই দেখতে পাননি। বহু টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় ফুটবল তারকার এক ঝলক না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। সেই অসন্তোষ থেকেই ভাঙচুরের ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এদিকে, চূড়ান্ত অব্যবস্থা ও বিশৃঙ্খলায় প্ররোচনার অভিযোগে শনিবারই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি রবিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে।