Tranding
আর্ন্তজাতিক / November 16, 2025

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ অভিবাসীবাহী দুটি নৌকাডুবি, চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে একটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

অন্য নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে দুজন মিসরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। সেখানে আটটি শিশুও ছিল। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আল-খুমস হচ্ছে ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরের একটি উপকূলীয় শহর। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

রেড ক্রিসেন্ট জানায়, লিবিয়ান কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে উদ্ধারকৃত মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়া উপকূলে একটি রাবার নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন এবং তাদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.