মস্কোতে বিস্ফোরণ সন্দেহে দুই পুলিশ আহত, সাম্প্রতিক জেনারেল হত্যাকাণ্ডের এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে এক রহস্যজনক ঘটনায় ট্রাফিক পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সেই এলাকার কাছেই, যেখানে কয়েক দিন আগে এক শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
রুশ তদন্ত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বুধবার ভোররাতে একটি অস্বাভাবিক ঘটনার পর পুলিশ সদস্যরা আহত হন। এরপর নিরাপত্তা বাহিনী আশপাশের ভবন ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে।
রুশ গণমাধ্যম জানায়, স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
এই ঘটনাস্থলটি সেই সড়কের খুব কাছেই, যেখানে সোমবার রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ভানিল সারফারভ একটি গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি রাশিয়ার সামরিক সদর দপ্তরের অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে এবং দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে একাধিক রুশ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিত্ব লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন এর আগে এসব হামলার কিছু দায় স্বীকারও করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ছবি: রয়টার্স