Tranding
জেলার খবর / November 1, 2025

রহমতে আলম মিশনের দুই শিক্ষার্থী উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টারে প্রথম কুড়িতে

উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার দুই মেধাবী শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষায় রাজ্যের শীর্ষ স্থান দখল করল। রহমতে আলম মিশনের বালক ও বালিকা বিভাগ থেকে আশিক হোসেন গাজী ও লোকমান হাকিম সম্ভাব্য প্রথম ১৫তম স্থানে আছেন। ১৮৫-র মধ্যে তাদের মোট প্রাপ্ত নম্বর ১৭৮, যা প্রায় ৯৬.২২ শতাংশ।

এই বছর রহমতে আলম মিশন থেকে মোট ২১৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৯০% বা তার উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৯, ৮০% বা তার উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১২১, ৭৫% বা তার উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ১৫৪, ৭০% বা তার উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ১৮৭ এবং ৬০% বা তার উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ২১৪ জন।

আশিক হোসেন গাজীর বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার পাটলি খানপুর গ্রামে। তার বাবা জোনায়েদ হোসেন একজন শিক্ষক এবং মা সাকিরুন খাতুন গৃহবধূ। অন্যদিকে, লোকমান হাকিম দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার খেলারামপুর গ্রামের সন্তান। তার বাবা আলমগীর সাহেব একজন গ্রামীণ হোমিওপ্যাথি চিকিৎসক এবং মা রেহানা বিবি গৃহবধূ। তাদের বাবা-মায়ের কথায়, “ওরা আর দুই-তিন নম্বর বেশি পেলে হয়তো রাজ্যের প্রথম দশে নাম আসত।”

রহমতে আলম মিশনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান (বিদেশ) বলেন, “আশিক ও লোকমান আমাদের গর্বিত করেছে। ফাইনাল পরীক্ষায় তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে চেষ্টা করবে। থার্ড সেমিস্টারে সফল সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি ফাইনালেও অনেকে উল্লেখযোগ্য ফলাফল করবে।”

রহমতে আলম মিশনের শিক্ষক ও শিক্ষার্থীরা আশাবাদী, ফাইনাল পরীক্ষায়ও এই দুই মেধাবী ছাত্র উচ্চমানের ফলাফল আনবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.