সুদানের দারফুরে মসজিদে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানালো আমিরাত
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৫- উত্তর সুদানের দারফুরের এল ফাশার আল-দারাজা পাড়ার একটি মসজিদে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ঘটনায় অন্তত ৭৮ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় সুদানের সংঘাতে জড়িত সকল পক্ষকে জেদ্দা ঘোষণার নিয়মাবলী মেনে চলার আহ্বান জানিয়ে বেসামরিকদের সুরক্ষা এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে বলেছে।
আমিরাত শান্তিপূর্ণ সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে, অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে সুদানের স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় চরমপন্থা ও সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে, যা সহিংসতা ও সংঘাতকে দীর্ঘায়িত করে। পাশাপাশি নিহতদের পরিবার ও সুদানের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।