রাষ্ট্রসংঘে ঐতিহাসিক প্রস্তাব: ইসরাইল–ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান
মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
দীর্ঘদিন পর রাষ্ট্রসংঘে গৃহীত হলো এক ঐতিহাসিক প্রস্তাব, যেখানে ইসরাইল–ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে। ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে, যার মধ্যে ভারতও রয়েছে। বিরোধিতা করেছে মাত্র ১০টি দেশ—এর মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র অন্যতম। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।
সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আনা এই প্রস্তাব, যেটিকে “নিউইয়র্ক ঘোষণা” নাম দেওয়া হয়েছে, গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করে ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধানের কথা বলছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহার সৃষ্টির মতো পদক্ষেপও অমানবিক।
আল জাজিরার খবর অনুযায়ী, গাজায় নতুন করে ইসরাইলি হামলায় আরও ৫০ জন নিহত হয়েছেন, এর মধ্যে এক পরিবারের ১৪ জন সদস্য রয়েছেন। ইসরাইল জানিয়েছে, তারা গাজার প্রধান নগরকেন্দ্র দখল করতে চায়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে। ইতিমধ্যেই গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, “ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হবে না।” ইসরাইল এই প্রস্তাবকে “রাজনৈতিক সার্কাস” আখ্যা দিলেও, রাষ্ট্রসংঘ দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকর করার ক্ষেত্রে অনড় রয়েছে।