Tranding
মধ্যপ্রাচ্য / November 19, 2025

গাজা শান্তি প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জের সম্মতি, স্বাগত জানাল ট্রাম্প

গাজায় দীর্ঘদিনের সংঘাত ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছিলেন, সেই প্রস্তাবের প্রতি অবশেষে সমর্থন জানাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনায় পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি দেশ ওই পরিকল্পনার পক্ষে ভোট দেয়।

রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই অনুমোদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক।

গাজা উপত্যকার খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই এসেছে এই সিদ্ধান্ত। রাষ্ট্রপুঞ্জের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ। তাদের দাবি, এই প্রস্তাব শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে।

তবে হামাস প্রস্তাবটির বিরোধিতা করে জানিয়েছে, এতে প্যালেস্টাইনের সাধারণ মানুষের স্বার্থ ও উন্নয়নের বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাদের অভিযোগ, প্রস্তাবের কিছু দফা বাস্তবে প্যালেস্টাইনি জনগণের অধিকারের পরিপন্থী।

গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের তৎপরতা বাড়লেও, ময়দানে সংঘাত ও মানবিক সংকট অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.