Tranding

নির্বাচন ইস্যুতে আবারও জামায়াত নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা

ঢাকা:বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আবারও আলোচনায় উঠে এল জামায়াতে ইসলামী। মঙ্গলবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা।

রাষ্ট্রপুঞ্জের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে “গঠনমূলক ও ইতিবাচক” আলোচনা হয়েছে। জামায়াতের আমির নির্বাচনকে বাংলাদেশের জন্য “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে মন্তব্য করেন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপুঞ্জের সহযোগিতা কামনা করেন।

এই নিয়ে গত আট মাসে তৃতীয়বারের মতো রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সরকারের পরিবর্তনের পর সংগঠনটির রাজনৈতিক প্রভাব আবারও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে জামায়াতকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির।

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.