সুদানে অবরুদ্ধ ফাশেরে মৃত্যু-ঝুঁকিতে হাজার হাজার শিশু: জাতিসংঘের সতর্কবার্তা
জাতিসংঘের চারটি সংস্থা সতর্ক করে জানিয়েছে যে, সুদানের দারফুর অঞ্চলের ফাশের শহরে অবরোধের কারণে হাজার হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে, এবং শহরে তীব্র খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেড় লক্ষাধিক বেসামরিক নাগরিক—যার প্রায় অর্ধেকই শিশু— গত ১৬ মাস ধরে চলমান সংঘাতের কারণে খাদ্য ও স্বাস্থ্যসেবার বাইরে রয়েছে।
সংস্থাগুলোর মতে, ফাশেরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, এবং হাজারো শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা বন্ধ হয়ে গেছে। শহরটি বর্তমানে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন শেষ দুর্গ, যেখানে তারা আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (RSF) সঙ্গে ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধ করছে।
এই যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR), ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)। তারা জানিয়েছে, তাদের প্রতিনিধিরা দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “দেশের বিভিন্ন অঞ্চলে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে। অনেক এলাকায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, এবং শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।”
সুদানের রাজধানী খার্তুমেও যুদ্ধের ক্ষতচিহ্ন রয়ে গেছে, যেখানে কিছু মানুষ পুনরায় ফিরে এসে ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখতে পেয়েছেন।
জাতিসংঘ জানায়, ৩ কোটি লোক, যার মধ্যে প্রায় ১.৫ কোটি শিশু, এখন তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রয়োজন। ২০২5 সালের জন্য জাতিসংঘের ৪.২ বিলিয়ন ডলারের মানবিক পরিকল্পনার মাত্র এক-চতুর্থাংশ তহবিলই এখন পর্যন্ত পাওয়া গেছে।