গাজা শান্তি পরিকল্পনা: ট্রাম্পের প্রস্তাবে সোমবার নিরাপত্তা পরিষদে ভোট
গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনা’ অনুমোদনের লক্ষ্যেই এই ভোট ডাকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্যদের সামনে খসড়া প্রস্তাব তোলে এবং এরপর থেকেই বিষয়টি ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ বেশ কয়েকটি মুসলিম দেশ প্রস্তাবটি দ্রুত গৃহীত হওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
খসড়া অনুযায়ী, গাজার জন্য একটি অন্তর্বর্তী শাসন কাঠামো—‘শান্তি বোর্ড’—গঠনের প্রস্তাব রয়েছে, যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বোর্ডটি ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত। বাহিনীটি ইসরাইল, মিশর এবং নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
এদিকে রাশিয়া গাজার জন্য একটি পৃথক প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে মার্কিন পরিকল্পনার ‘শান্তি বোর্ড’ এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ধারণা বাদ দেওয়া হয়েছে। এর আগে রাশিয়া, চীন ও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, যুদ্ধ–পরবর্তী শাসন কাঠামোয় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাদ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।