Tranding
রাজ্যের খবর / October 19, 2025

আবার রাস্তায় বিক্ষোভে অনএডেড মাদ্রাসা শিক্ষকরা, প্রশ্ন উঠছে সংখ্যালঘু দপ্তরের বাজেট নিয়ে

কলকাতা, ১৯ অক্টোবর:

আবারও রাজপথে বিক্ষোভে সামিল হলেন অনএডেড মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘদিন ধরে সরকারি সাহায্য ও বেতন না পাওয়ার অভিযোগে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ চেয়ারম্যান পীরজাদা নওসাদ সিদ্দিকী।

তিনি সরাসরি বলেন, "তাহলে প্রতি বছর সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের এত বিপুল বাজেট কিসের জন্য বরাদ্দ হচ্ছে? কখনো ৫ হাজার ৬০০ কোটি টাকা, কখনো ৫ হাজার ২০০ কোটি, আবার কখনো সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মতো বিশাল অঙ্কের বাজেট কোথায় যাচ্ছে?"

নওসাদ সিদ্দিকীর আরও অভিযোগ, "গত বছর ৩৩৮টি মাদ্রাসাকে সরকারী অনুমোদন দিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। কিন্তু সেই অনুমোদন কার্যত অকার্যকর। সরকারী সুযোগ-সুবিধা তো দূরের কথা, এই মাদ্রাসাগুলির শিক্ষকরা এখনও পর্যন্ত কোনও সরকারি বেতন পান না।"

তিনি প্রশ্ন তোলেন, "এই ধাপ্পাবাজি আর কতদিন চলবে?"

মাদ্রাসা শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। অনুমোদনপ্রাপ্ত হলেও অনুদান এবং সরকারি বেতন থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা। সরকারের তরফে কোনও স্থায়ী সমাধানের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

এই ইস্যুতে সরকার কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা। তবে আন্দোলন আরও জোরদার হবে বলেই মত আন্দোলনকারী শিক্ষকদের।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.