AIITA হাওড়া জেলার উদ্যোগে “নীতি নির্ধারণ কর্মসূচি শিবির (২০২৫–২০২৮)” সফলভাবে সম্পন্ন
হাওড়া, ১৯ অক্টোবর ২০২৫:
অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স’ অ্যাসোসিয়েশন (AIITA) হাওড়া জেলার উদ্যোগে “নীতি নির্ধারণ কর্মসূচি শিবির (২০২৫–২০২৮)” আজ নিমদিঘি সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পেশ করেন জনাব রিয়াজুল ইসলাম সাহেব (ইউনিট প্রেসিডেন্ট, নলপুর)। তিনি তেলাওয়াতের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্যে কুরআনের আলোকে শিক্ষা ও শিক্ষকের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
প্রারম্ভিক দিকনির্দেশনা প্রদান করেন জনাব রফিকুল ইসলাম (ডিস্ট্রিক্ট সেক্রেটারি, AIITA হাওড়া)। তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, কর্মপদ্ধতি অনুসরণ এবং শিক্ষকদের দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন জনাব জুলফিকার আলি মোল্লা সাহেব (সহ-সভাপতি, AIITA পশ্চিমবঙ্গ)। তিনি শিক্ষকদের অফিসিয়াল দায়িত্ব, শিক্ষাগত ও পেশাগত উৎকর্ষতা এবং আদর্শ শিক্ষক হয়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
শিক্ষকদের অধিকার ও সমস্যাবলী নিয়ে আলোচনায় অংশ নেন জনাব জামিনুল ইসলাম সাহেব (সাবেক রাজ্য কমিটি সদস্য, AIITA পশ্চিমবঙ্গ)। তিনি বলেন, "শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করাও সমান গুরুত্বপূর্ণ।"
বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং তার দুর্বলতা, পাঠ্যক্রমের পরিবর্তন ও মানোন্নয়ন বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন জনাব জুলফিকার আলি মোল্লা সাহেব। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
“শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধের সমন্বয়” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন জনাব সেখ আব্দুল মান্নান (চেয়ারম্যান, তালিমি বোর্ড, পশ্চিমবঙ্গ)। তিনি বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য হলো নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা।"
শিবিরে আসন্ন ক্যাম্পেইন নিয়ে পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রস্তাবনা ও মতামত প্রদান করেন।
সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শাহনাওয়াজ খান (সাবেক জেলা সম্পাদক, AIITA হাওড়া)। তিনি বলেন, “ঐক্য, আত্মত্যাগ এবং ধারাবাহিক কাজের মাধ্যমেই সংগঠনের প্রকৃত অগ্রগতি সম্ভব।”
সমাপ্তি বক্তব্যে AIITA হাওড়া জেলার সভাপতি জনাব সৈয়দ জাহির আহমেদ সাহেব সংগঠনের ভবিষ্যৎ পথচলা আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার আহ্বান জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সুচারু সঞ্চালনা করেন জনাব সেখ মো. আরিফুল্লাহ সাহেব (ডিসি মেম্বার, AIITA হাওড়া)।
শেষে, জেলা সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম সাহেবের দোয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এই দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষক সমাজের আত্মিক, বৌদ্ধিক, নৈতিক ও সংগঠনমূলক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারী সকলেই এই শিবিরের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মধারায় সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।