জাতিসংঘের প্রতিবেদন: ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’-এর হামলায় নিহত এক হাজারের বেশি, ড্রোন আক্রমণে অন্ধকারে সুদানের বহু শহর
জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিলে উত্তর দারফুরের জামজাম শরণার্থী শিবিরে ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ) পরিচালিত হামলায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিবেদনে বলা হয়, ১১ থেকে ১৩ এপ্রিলের মধ্যে চালানো ওই হামলার সময় গণহত্যা, ধর্ষণসহ নানা ধরনের যৌন সহিংসতা, নির্যাতন ও অপহরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, অন্তত ১,০১৩ জন সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার আরএসএফ উত্তর সুদানের নীল প্রদেশের একাধিক শহরে ব্যাপক ড্রোন হামলা চালায়। এই হামলায় একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ায় দু’জন নিহত হন এবং দেশের বিভিন্ন বড় শহরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রায় ৩৫টি ড্রোন দিয়ে আতবারা, আদ-দামির ও বারবার শহরে হামলা চালানো হয়। আতবারার আল-মাকরিন বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় খার্তুম, নীল নদ প্রদেশ ও লোহিত সাগর উপকূলীয় এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।