১৭ বছর পর যুক্তরাষ্ট্র-বলিভিয়া পুনরায় স্থাপন করছে কূটনৈতিক সম্পর্ক
দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া। শনিবার লা পাজে এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
প্রেসিডেন্ট পাজের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। পাজ বলেন, “এটি বলিভিয়ার পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা খুব শিগগিরই রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছি।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে। যদিও রাষ্ট্রদূত নিয়োগের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
উভয় দেশই শিক্ষা, জননিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত আলোচনা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ষড়যন্ত্রের অভিযোগে বহিষ্কার করেছিলেন। এরপর ওয়াশিংটনও পাল্টা প্রতিক্রিয়ায় বলিভিয়ার রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে নির্দেশ দেয়।
ছবি: সংগৃহীত