Tranding
আর্ন্তজাতিক / September 21, 2025

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। নিহতরা সবাই মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের সদস্য।

শনিবার (২০ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের দুর্গম পার্বত্য এলাকায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে স্পেশাল অপারেশনসের চার সেনা ঘটনাস্থলেই প্রাণ হারান।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে, জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছাকাছি একটি বনাঞ্চলে। ‘সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক’ হেলিকপ্টারটিতে তখন চারজন সেনা সদস্য ছিলেন। তারা সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টের (নাইট স্টলকারস) অভিজাত সদস্য ছিলেন, যারা রাতের আঁধারে জটিল সামরিক অভিযান পরিচালনায় বিশেষ দক্ষ।

সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রাগা এক বিবৃতিতে বলেন, “তারা ছিলেন আমাদের অভিজাত যোদ্ধা, সেনাবাহিনী ও স্পেশাল অপারেশনসের সর্বোচ্চ মূল্যবোধ ধারণ করেছিলেন। তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না।”

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জ্যাকি হিল জানিয়েছেন, দুর্গম এলাকা, আগুন ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.