মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, তদন্ত শুরু
ওয়াশিংটন: মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক (HM-60) সামরিক হেলিকপ্টার ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড ঘাঁটির কাছে ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন সেনা অবস্থান করছিলেন। তাদের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত প্রায় ৯টার দিকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি বিশেষ বাহিনীর ১৬০তম এয়ারবর্ন অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট-এর অন্তর্গত। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।
দুর্ঘটনার পর আশেপাশের এলাকায় ছোট আকারের বনভূমিতে আগুন লাগে, যা প্রায় এক একর (০.৪ হেক্টর) পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় বন দপ্তর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র রুথ ক্যাস্ট্রো এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে পেশাদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে এবং তারা স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে হেলিকপ্টার বা সেনাদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড ঘাঁটিটি টাকোমা শহরের প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এই দুর্ঘটনাকে ঘিরে মার্কিন সেনাবাহিনীতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।