যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা বৃদ্ধি: সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার মাদুরোর
মাদক চোরাচালান দমনে সামরিক অভিযান পরিচালনার হুমকির পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হতে পারে। এই প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর—টিআরটি ওয়ার্ল্ড।
ক্ষমতাসীন পিএসইউভি দলীয় কর্মীদের এক সমাবেশে মাদুরো বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নীতি ও উত্তরাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, “নিশ্চিন্ত থাকুন, আমাদের কমান্ডার শ্যাভেজের লাশের সামনে যেমন আমি শপথ করেছিলাম, আজও তেমনি আপনাদের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ করছি।”
জনগণের উদ্দেশে মাদুরো আরও বলেন, “আমি আপনাদের কখনো ব্যর্থ হতে দেব না—কখনো না, একবারও না।”
গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে অন্তত ২১টি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
স্থলপথে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ করে রাখা উচিত’। অন্যদিকে, মাদুরো অভিযোগ তুলেছেন যে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে।
যুক্তরাষ্ট্রের চাপ এবং ভেনেজুয়েলার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ছবি: রয়টার্স