আমেরিকার ভেটো: গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল, হামাসের ক্ষোভ
নিউইয়র্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে আনা প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ভেটো ব্যবহার করে বাতিল করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এটি কার্যকর হয়নি।
প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলকে গাজায় সাহায্য পৌঁছানোর সব ধরনের বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে থাকা সব জিম্মিকে অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তির দাবিও অন্তর্ভুক্ত ছিল।
এটি গাজা যুদ্ধ সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো। হামাস একে "অপরাধে সরাসরি সহযোগিতা ও গণহত্যায় অংশীদারিত্ব" বলে তীব্র নিন্দা জানিয়েছে।
আমেরিকান কূটনীতিক মর্গান ওর্টাগাস ভোটের আগে বলেন, “আমাদের বিরোধিতা কারও জন্যই অপ্রত্যাশিত নয়। প্রস্তাবে হামাসকে নিন্দা করা হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকার করা হয়নি। বরং এটি হামাসের ভ্রান্ত বর্ণনাকে বৈধতা দিচ্ছে।”
তিনি আরও দাবি করেন, অন্যান্য সদস্যরা আমেরিকার সতর্কতা উপেক্ষা করে "এমন এক প্রস্তাব তৈরি করেছে যা আমাদের ভেটো ব্যবহার করতে বাধ্য করেছে।”
এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও একবার কূটনৈতিক বিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায়, যাতে ১,২১৯ জন নিহত হয়। সে সময় ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে এখনও ৪৯ জন গাজায় আটক আছেন।
প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায়। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত দুই বছরে সেখানে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।