নোবেল পুরস্কার নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো
নোবেল শান্তি পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে নরওয়ের রাজধানী অসলোতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রাপথে তিনি শারীরিক আঘাত পান।
জানা গেছে, সমুদ্র উত্তাল থাকার কারণে একটি ছোট মাছ ধরার নৌকায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তাঁর মেরুদণ্ডে আঘাত লাগে। তবে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মাচাদোর এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর তাঁকে নরওয়ের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চিকিৎসা সম্পন্ন করেন।
দুর্ঘটনার কারণে যাত্রাপথে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ৫৮ বছর বয়সী এই নেত্রী। তবে পরে অসলো পৌঁছে তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন। ওই নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে অংশ নিতে দেওয়া হয়নি। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।