নিরপেক্ষ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত এস.আই.আর.-এর দাবিতে স্মারকলিপি পেশ করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
নিরপেক্ষ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত এস.আই.আর. (SIR) প্রক্রিয়া চালুর দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান এস.আই.আর. প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার নামে অনেক বৈধ নাগরিককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পার্টির মিডিয়া কো-অর্ডিনেটর মামুন আক্তার হোসেন এক বিবৃতিতে জানান, নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় এবং ডি-ভোটার ইস্যুতে স্বচ্ছতা আনতে একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে।
দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
১. এসআইআর-এর নামে হয়রানি বন্ধ – সাধারণ নাগরিকদের অহেতুক জিজ্ঞাসাবাদ ও আতঙ্ক তৈরি করার মতো প্রক্রিয়া বন্ধ করে মানবিকতা ও আইনি শৃঙ্খলার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. বৈধ নাগরিকদের ডি-ভোটার ঘোষণা বন্ধ – কোনো বৈধ নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
৩. বিদ্যমান ডি-ভোটার মামলার দ্রুত নিষ্পত্তি – যারা ইতিমধ্যেই ডি-ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া চালু করতে হবে।
৪. ভোটার তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা – ভোটার তালিকা সংশোধন ও সংযোজনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. আধার কার্ডকে নাগরিকত্বের বৈধ নথি হিসেবে স্বীকৃতি – আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে মান্যতা দিতে হবে।
৬. অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা – অভিযোগ জানাতে টোল-ফ্রি নম্বর, অনলাইন পোর্টাল এবং একটি বিশেষ সেল চালু করতে হবে।
৭. আইনানুগ প্রক্রিয়ার নিশ্চয়তা – নাম বাদ দেওয়ার আগে নোটিশ, শুনানি ও আপিলের সুযোগ প্রদান আবশ্যক।
৮. বাড়ি বাড়ি ভিজিট নিশ্চিতকরণ – প্রতিটি ভোটারের বাড়িতে সংশ্লিষ্ট BLO-এর সরাসরি সাক্ষাৎ নিশ্চিত করতে হবে।
৯. জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ – ভোটার অধিকার রক্ষায় রাজ্যব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে।
১০. সাংবিধানিক অধিকার রক্ষায় টাস্ক ফোর্স – ভোটাধিকার ও ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষায় একটি কেন্দ্র-রাজ্য যৌথ টাস্ক ফোর্স গঠনের দাবি জানানো হয়েছে।
১১. বৈষম্যমূলক আচরণ রোধ – ধর্ম, জাতি বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কাউকে ডি-ভোটার করার প্রচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার পক্ষে সোচ্চার হয়েছে বলে দাবি করেছে দলটি। তারা জানিয়েছে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।