মোদীর সভায় যেতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, নিহত বিজেপি সমর্থকদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক
নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় তিন জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তিন জনই মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার বাসিন্দা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর বড়ঞা (দক্ষিণ) ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জজ এবং বড়ঞা (উত্তর) ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন রামপ্রসাদ ঘোষ (৭২), মুক্তিপদ সূত্রধর (৬৩) ও গোপীনাথ দাস (৪৭)। তাঁরা সবাই বাসে করে তাহেরপুরে সভাস্থলে পৌঁছেছিলেন। ভোরের দিকে বাস থেকে নামার পর কয়েক জন রেললাইনের পাশে গেলে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আচমকাই একটি ট্রেন চলে আসে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় এবং আরও এক জন আহত হন।
অন্য দিকে, ঘন কুয়াশার কারণে শনিবার তাহেরপুরে সরাসরি উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী। তিনি ভার্চুয়াল মাধ্যমে জনসভায় বক্তব্য রাখেন এবং সেই সময়ই দুর্ঘটনায় নিহত দলীয় সমর্থকদের প্রতি শোকপ্রকাশ করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।