Tranding
আর্ন্তজাতিক / November 30, 2025

ইউরোপজুড়ে ইসরাইলের বিচার দাবিতে ব্যাপক বিক্ষোভ

গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। ‘আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এসব বিক্ষোভে ইসরাইলের বিরুদ্ধে জবাবদিহি ও যুদ্ধাপরাধের বিচার দাবি উঠেছে। খবর আল জাজিরার।

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। মিছিল নিয়ে তারা শহরের প্রধান সড়কগুলো ঘুরে গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি—গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

এক বিক্ষোভকারী বলেন, “এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ন্যায়বিচার বা জবাবদিহি থেকে অনেক দূরে।”

আরেকজন প্রশ্ন তোলেন, “জনগণ জানে এই যুদ্ধ ভুল। কিন্তু ক্ষমতাসীনরা কেন এটিকে ভুল বলতে সাহস পায় না?”

ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান টুয়াইলন জানান, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত সপ্তাহ পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তিনি এএফপিকে বলেন, “যুদ্ধবিরতি কেবল ধোঁয়ার পর্দা। ইসরাইল প্রতিদিন এটি লঙ্ঘন করছে, মানবিক সহায়তা বন্ধ করছে এবং গাজায় ঘরবাড়ি-অবকাঠামো ধ্বংস করছে। আমরা স্থায়ী যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।”

প্যারিসের বাইরে লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় এক লাখ মানুষ রাস্তায় নামেন। আয়োজকরা ইসরাইলকে আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ইতালির রোমে বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটা থানবার্গও।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.