Tranding
রাজ্যের খবর / November 9, 2025

বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা, পেলেন ডিএসপি পদ

বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার রিচা ঘোষকে ঘিরে শনিবার ইডেন গার্ডেন্সে জমে উঠেছিল উৎসবের আবহ। সিএবি আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে রিচা ভাসেন পুরস্কারের বন্যায়।

রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে সম্মান জানিয়ে দিলেন ‘বঙ্গভূষণ’ ট্রফি ও সোনার চেন। সিএবি-র পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় সোনার ব্যাট ও বল। বিশ্বকাপ ফাইনালে তাঁর অসাধারণ ৩৪ রানের ইনিংসের স্বীকৃতিস্বরূপ রিচার হাতে তুলে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকার চেক।

সংবর্ধনার আগে রিচা যান লালবাজারে, যেখানে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তাঁকে সংবর্ধনা দেন। পরে ইডেন গার্ডেন্সে সিএবি-র মঞ্চে উপস্থিত থেকে নগরপাল ঘোষণা করেন, রিচাকে রাজ্য পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে।

মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “রিচার কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে, কিন্তু আমরা ওকে কোনো মানসিক চাপে ফেলতে চাই না। ও মন দিয়ে খেলুক, নিজের খেলায় আরও সাফল্য আনুক। আমি চাই, বাংলার মেয়েরা সব খেলায় এগিয়ে যাক, লড়ুক ও জিতুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, এবং রিচার বাবা-মা মানবেন্দ্র ও স্বপ্না ঘোষ। মুখ্যমন্ত্রী মঞ্চে তাঁদের ডেকে নেন এবং রিচার মায়ের গলায় নিজের উত্তরীয় পরিয়ে দেন — এক আবেগঘন মুহূর্তে ইডেনের দর্শক আসন জুড়ে বাজে করতালির ধ্বনি।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.