মুর্শিদাবাদে বোমা বাঁধার সময় বিস্ফোরণ, যুবক জখম, উচ্চমাধ্যমিক পড়ুয়া-সহ ৩ গ্রেপ্তার
অনলাইন, বঙ্গ দর্পণ: মুর্শিদাবাদ: রবিবার রাতে রানিনগর থানার নজরানা বৈরাগী আসন গ্রামে বোমা বাঁধার সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম রিয়ান শেখ, যিনি স্থানীয় বাসিন্দা। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বোমা বাঁধার সময় বিস্ফোরণে যুবকের পায়ে আঘাত লেগেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। প্রাথমিক তদন্তে জানা গেছে, জখম যুবক ও ধৃতরা বোমা তৈরিতে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার লালবাগের এসিজেএম আদালতে হাজির করা হবে। পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন করবে।