Tranding
আর্ন্তজাতিক / September 23, 2025

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান ইউনূসের

অনলাইনে বঙ্গ দর্পণ:রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্ব আজ এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছে, বৈষম্য বাড়ছে, আর ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। আমাদের এমন এক অর্থনীতির দিকে এগোতে হবে, যা মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ সময় দেশটি ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বাজেট বা আন্তর্জাতিক সহায়তা কমানো হলে তা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে সতর্ক করেন তিনি।

ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা বরং বাড়ানো দরকার এবং একটি ন্যায়সঙ্গত সমাধানের পথ নিশ্চিত করতে হবে।”

এর আগে বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.