যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরাইল
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ১৫ ফিলিস্তিনির লাশ গাজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে লাশগুলো ফেরত দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৩৩০ জন ফিলিস্তিনির লাশ ইসরাইল ফেরত দিয়েছে। ফরেনসিক টিম ইতোমধ্যে ৯৭টি লাশ শনাক্ত করেছে। লাশ পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্ত করার পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ফেরত পাওয়া অনেক লাশেই ছিল নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন—যেমন মারধর, হাত বাঁধা, চোখ বাঁধা অবস্থায় রাখা এবং মুখমণ্ডলে বিকৃতি। এছাড়া বেশ কিছু লাশ পরিচয়বিহীন অবস্থায় ফেরত পাঠানো হয়েছে।
গাজার ফরেনসিক ল্যাবরেটরি ইসরাইলি হামলায় ধ্বংস হওয়ায় অনেক পরিবার এখন পোশাক বা শারীরিক লক্ষণ দেখে স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছেন।
ইসরাইলি দৈনিক হারেৎজ সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের berখ্যাত সামরিক ঘাঁটি ‘সদে তেইমান’-এ ইসরাইলি সেনাবাহিনী এখনও প্রায় ১,৫০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি সামরিক হামলায় ৬৯,২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,৭০,৭০০ জনেরও বেশি আহত হয়েছে।